‘সতলুজ’ সরানো নিয়ে নতুন বিতর্ক, দিলজিতের পাশে দিল্লি শিখ গুরুদ্বারা কমিটি

Spread the love

তিন বছর ধরে আইনি জটিলতায় আটকে থাকার পর অবশেষে ওটিটিতে মুক্তি পেয়েছিল দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ‘সতলুজ’। কিন্তু মুক্তির মাত্র দু’দিনের মধ্যেই কেন্দ্রের নির্দেশে জি৫ থেকে সরিয়ে দেওয়া হয় ছবিটি। এরপর থেকেই সিনেমাটি ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। এবার অভিনেতা ও ছবির নির্মাতাদের প্রকাশ্যে সমর্থন জানাল দিল্লি শিখ গুরুদ্বারা ম্যানেজমেন্ট কমিটি (DSGMC)

কেন্দ্রের দাবি, প্রেক্ষাগৃহে মুক্তির জন্য প্রয়োজনীয় সেন্সর ছাড়পত্র সম্পূর্ণ হওয়ার আগেই অন্য নামে ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি প্রকাশ করা হয়েছিল। এই অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যেই তথ্য ও সম্প্রচার মন্ত্রক একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। অন্যদিকে, জি৫ জানিয়েছে, কেন্দ্রের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ছবিটি আর স্ট্রিম করা হবে না।

এই পরিস্থিতিতে DSGMC-র সভাপতি হরমিত সিং কালকা বলেন, ‘সতলুজ’-এর উপর নিষেধাজ্ঞা শুধু একটি ছবিকে আটকে দেওয়া নয়, বরং পাঞ্জাবের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে মানুষের সামনে আসতে না দেওয়ার চেষ্টা। তাঁর দাবি, মানবাধিকার কর্মী যশবন্ত সিং খালরার জীবনের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই সিনেমা। খালরা পাঞ্জাবে ‘বেওয়ারিশ’ হিসেবে দাহ করা হাজার হাজার মৃতদেহের তথ্য সামনে এনে আন্তর্জাতিক স্তরে আলোড়ন তৈরি করেছিলেন। সেই ইতিহাস দর্শকদের জানার অধিকার রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

কালকার আরও অভিযোগ, ওটিটি থেকে সিনেমাটি সরিয়ে দেওয়ায় শিখ সম্প্রদায়ের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। একইসঙ্গে দেশের বিভিন্ন শিখ সংগঠনকে ছবিটির প্রদর্শনের দাবিতে একজোট হওয়ার আহ্বানও জানান তিনি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *