মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমে ভয়াবহ পথদুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা দেয় একটি বেসরকারি বাস। প্রাথমিকভাবে জানা গিয়েছে, অন্তত ১৪টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়েছে। এর মধ্যে ১২-১৩টি অটো রয়েছে। ঘটনায় অন্তত দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে খবর। তাঁদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসচালকের দাবি, হঠাৎ ব্রেক ফেল করায় বাসের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এরপরই সামনে থাকা একাধিক অটো ও অন্যান্য গাড়িকে ধাক্কা মারে বাসটি। সংঘর্ষে বেশ কয়েকটি যানবাহন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনার জেরে ব্যস্ত আন্ধেরি পশ্চিম এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ও পুরসভার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত যান সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেন। পরে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।
ইতিমধ্যেই দুর্ঘটনার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে ক্ষতিগ্রস্ত অটো ও অন্যান্য যানবাহনের পাশাপাশি ঘটনাস্থলে ভিড় জমাতে দেখা গিয়েছে বহু মানুষকে। ঠিক কী কারণে ব্রেক বিকল হল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।


