তৃণমূলের অন্দরের লড়াইয়ে এবার সবচেয়ে বড় রাজনৈতিক চমক বীরভূমে। দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অনুব্রত মণ্ডল এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল তৃণমূল’ শিবিরে যোগ দিয়েছেন বলে দলীয় সূত্রের দাবি। শুধু যোগই নয়, তাঁকেই বীরভূম জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হচ্ছে।
এই সিদ্ধান্তের ফলে বীরভূমে ঋতব্রত শিবিরের সংগঠন আরও শক্তিশালী হল বলেই রাজনৈতিক মহলের মত। সূত্রের খবর, অনুব্রতের পাশাপাশি জেলার চার প্রভাবশালী নেতা—কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিংহ এবং প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহাও ‘আসল তৃণমূল’-এ যোগ দিয়েছেন। তাঁদের জাতীয় কর্মসমিতিতেও জায়গা দেওয়া হয়েছে।
যদিও বিষয়টি নিয়ে অনুব্রত মণ্ডল স্পষ্ট করে কিছু বলতে চাননি। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তাঁর সংক্ষিপ্ত জবাব, “আমার জ্বর। আগামিকাল কলকাতায় যেতে পারি।” তবে এই মন্তব্য জল্পনাকে আরও উসকে দিয়েছে।
একসময় বীরভূমে তৃণমূলের সংগঠনের সমার্থক নাম ছিলেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পর তাঁকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে কোর কমিটি গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেল থেকে ফেরার পরও তিনি কার্যত সংগঠনে কোণঠাসা ছিলেন। বিধানসভা নির্বাচনের পর প্রকাশ্যেই ক্ষোভ জানিয়ে বলেছিলেন, তাঁকে কাজ করার সুযোগ দেওয়া হয়নি।
এদিকে তৃণমূল ভাঙনের পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির নিজেদের ‘আসল তৃণমূল’ হিসেবে দাবি করে আসছে। সেই সময় থেকেই অনুব্রতের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা ছিল। অবশেষে সেই জল্পনাই সত্যি হতে চলেছে বলে দলীয় সূত্রের দাবি। তপসিয়ার বোট ক্লাবে ‘আসল তৃণমূল’-এর জাতীয় কর্মসমিতির বৈঠকের মধ্যেই এই সিদ্ধান্ত সামনে এসেছে, যা রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।


