অংশুলা-রোহনের বিয়েতে শুভেচ্ছা জানিয়ে চিঠি প্রধানমন্ত্রী মোদির, আবেগঘন পোস্ট বনি কাপুরের

Spread the love

গত ৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন অংশুলা কাপুর ও রোহন ঠক্কর। বিয়ের পর নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে একটি আন্তরিক চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই চিঠির কথা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রযোজক বনি কাপুর। তাঁর কথায়, প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা শুধু নবদম্পতির জন্যই নয়, গোটা কাপুর পরিবারের কাছে এই বিশেষ মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলেছে।

প্রধানমন্ত্রীর পাঠানো বার্তায় কাপুর পরিবারকে বিয়ের আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানানো হয়েছে। পাশাপাশি অংশুলা ও রোহনের নতুন জীবনের জন্য দীর্ঘ সুখী দাম্পত্য, পারস্পরিক ভালোবাসা, বোঝাপড়া এবং আনন্দে ভরা ভবিষ্যতের শুভকামনা জানিয়েছেন তিনি।

চিঠি প্রকাশ করে বনি কাপুর লেখেন, প্রধানমন্ত্রীর আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ তাঁদের পরিবারকে গভীরভাবে স্পর্শ করেছে। তাঁর এই ব্যক্তিগত শুভেচ্ছাবার্তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি এবং জানান, এই আশীর্বাদ নবদম্পতি ও কাপুর পরিবারের কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবে।

২০২২ সালে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে প্রথম পরিচয় হয় অংশুলা কাপুর ও রোহন ঠক্করের। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর ২০২৩ সালে প্রকাশ্যে আসে তাঁদের প্রেমের কথা। ২০২৫ সালের অক্টোবরে পরিবারের উপস্থিতিতে বাগদান সারেন তাঁরা। এরপর চলতি বছরের ৬ জুলাই সাতপাকে বাঁধা পড়েন এই জুটি।

বিয়ের অনুষ্ঠানে অংশুলা পরেছিলেন কোরাল ও সোনালি রঙের লেহেঙ্গা, সঙ্গে ছিল এমেরাল্ড ও কুন্দন গয়না। অন্যদিকে রোহনকে দেখা যায় আইভরি ও সোনালি শেরওয়ানিতে। অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল অংশুলার প্রয়াত মা মোনা শৌরি কাপুরের একটি বাঁধানো ছবি বিয়ের মণ্ডপে রাখা, যা ছিল তাঁর প্রতি পরিবারের শ্রদ্ধার্ঘ্য। এছাড়া ব্যক্তিগত নকশার কালিরা পরে নিজের সাজে বিশেষ আবেগের ছোঁয়া যোগ করেন অংশুলা।

বিয়ে ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপুর পরিবারের সদস্য অরজুন কাপুর, জাহ্নবী কাপুর, খুশি কাপুর, সোনম কাপুর, রিয়া কাপুর, শানায়া কাপুর, সঞ্জয় কাপুর-সহ পরিবারের একাধিক সদস্য। এছাড়াও বলিউডের আলিয়া ভাট, রেখা, ববি দেওল, বরুণ ধাওয়ান, রণবীর সিং, জ্যাকি শ্রফ, ভূমি পেডনেকর ও রাকুল প্রীত সিং-সহ বহু তারকা অনুষ্ঠানে যোগ দেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *