ধর্মতলার অশান্তির প্রতিবাদে পথে বিজেপি

Spread the love

গত শুক্রবার নিট আন্দোলন ঘিরে ধর্মতলায় অশান্তি, ভাঙচুর ও সাংবাদিক নিগ্রহের অভিযোগকে সামনে রেখে সোমবার পালটা পথে নামল বঙ্গ বিজেপি। দলীয় পতাকার পরিবর্তে জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে পৃথক মিছিলের আয়োজন করে বিজেপি। একটি মিছিল শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত এবং অন্যটি গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত যায়।

বিজেপির দাবি, নিট আন্দোলনের নামে গত শুক্রবার ধর্মতলায় অরাজক পরিস্থিতি তৈরি করা হয়েছিল। আন্দোলনের আড়ালে হিংসা ছড়ানো হয়েছে, পাশাপাশি দেশবিরোধী স্লোগানও দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলে তারা। একই সঙ্গে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপর হামলার ঘটনাকেও তীব্র ভাষায় নিন্দা করা হয়।

শুক্রবারের আন্দোলনে এসএফআই-সহ একাধিক বাম ছাত্র সংগঠন অংশ নিয়েছিল। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল ও অবস্থান কর্মসূচির সময় হিংসার অভিযোগ ওঠে। বিতর্কিত পোস্টার ও প্ল্যাকার্ড প্রদর্শনের পাশাপাশি দেশবিরোধী স্লোগান দেওয়া হয়েছে বলেও অভিযোগ করে বিজেপি।

সোমবার বিকেল সাড়ে তিনটার পর শিয়ালদহ থেকে শুরু হওয়া বিজেপির মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাপস রায়, বিজেপি বিধায়ক সজল ঘোষ, শঙ্কুদেব পণ্ডা, তমোঘ্ন ঘোষ-সহ একাধিক নেতা। তাঁদের বক্তব্য, নিট আন্দোলনের নামে অরাজকতা ও হিংসা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। হিংসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

তাপস রায় বলেন, যারা হিংসা ছড়িয়েছে তারা ছাত্র হতে পারে না। তিনি আরও দাবি করেন, কংগ্রেস আমলে ৫৩ বার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। অন্যদিকে সজল ঘোষের অভিযোগ, সিপিএম, কংগ্রেস ও তৃণমূল একযোগে ‘আরশোলা’দের সমর্থন করছে। গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিও তোলেন তিনি।

মন্ত্রী অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন, পড়ুয়াদের সামনে রেখে দেশে অস্থিরতা ও বিভাজনের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। পুলিশ ও সংবাদমাধ্যমকে লক্ষ্য করে হামলা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি আন্দোলনের নামে হিংসা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান বিজেপি নেতারা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *