গাড়ি ধরো, মামলা দেওয়ার ভয় দেখাও, টাকা আদায় করো! অভিযোগের সেই কারবারে এবার অ্যান্টি করাপশন ব্রাঞ্চের জালে কলকাতা পুলিশের সার্জেন্ট বিকাশ মজুমদার। ১০ হাজার টাকা ঘুষ নিতেই হাতেনাতে গ্রেফতার। রাসায়নিক পরীক্ষায় হাত বেগুনি!
পুলিশের কাজ অপরাধী ধরা, নাকি গাড়ি ধরে পকেট গরম করা? এন্টালির ঘটনায় সেই প্রশ্নই এখন ঘুরছে শহরের অলিগলিতে। অভিযোগ, দীর্ঘদিন ধরে এন্টালি থানা এলাকায় গাড়ি আটক করে মোটর ভেহিকেল আইনে মামলা করার ভয় দেখিয়ে টাকা আদায়ের কারবার চালাচ্ছিলেন সার্জেন্ট বিকাশ মজুমদার।
এই কাজে তাঁর সঙ্গে সিভিক ভলান্টিয়ার শম্ভু সাউ এবং ভিকি নামে এক হোমগার্ড সহযোগিতা করতেন বলে অভিযোগ।
মোটরবাইক হোক, চারচাকা কিংবা ছয় চাকার গাড়ি—অভিযোগ, কাউকেই রেহাই দেওয়া হতো না। গাড়ি ছাড়াতে টাকা দিতে হতো। অর্থাৎ রাস্তায় গাড়ির কাগজপত্রের পাশাপাশি পকেটের ওজনও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল!
সোমবার এক গাড়ির মালিকের কাছে গাড়ি ছাড়ার বিনিময়ে ১০ হাজার টাকা দাবি করেন বিকাশ মজুমদার বলে অভিযোগ। খবর পৌঁছে যায় অ্যান্টি করাপশন ব্রাঞ্চের কাছে। এরপর ফাঁদ পাতে দুর্নীতিদমন শাখা। টাকা নেওয়ার সময়ই হাতেনাতে ধরা পড়েন সার্জেন্ট।
রাসায়নিক পরীক্ষায় ঘুষের নোট স্পর্শের প্রমাণ মিলেছে বলে জানা গিয়েছে। জলে হাত ডোবাতেই হাত বেগুনি! মনে হচ্ছিল, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হাতে যেন হোলির রং লেগে গিয়েছে। তবে এই রং আবিরের নয়, অভিযোগের!
সূত্রের খবর, সিভিক ভলান্টিয়ার শম্ভু সাউয়ের মোবাইল পেমেন্ট অ্যাপের মাধ্যমেও টাকা নেওয়া হতো বলে অভিযোগ। বিষয়টি তদন্তাধীন।

তবে এই গ্রেফতারির পর আরও বড় প্রশ্ন উঠছে। থানার অদূরে দাঁড়িয়ে যদি এতদিন ধরে টাকা আদায়ের অভিযোগ চলে, তাহলে থানার ভারপ্রাপ্ত আধিকারিক তপন মণ্ডল কী করছিলেন? তাঁর নজরে কি কিছুই আসেনি?
শুধু সার্জেন্ট গ্রেফতার হলেই কি দুর্নীতির শিকড় উপড়ে যাবে? নাকি তদন্তের গাড়ি এবার বড়বাবুদের দিকেও এগোবে?
কারণ, পুলিশের গাড়িতে শুধু নিচুতলার কর্মীদেরই ব্রেক লাগবে, আর বড়বাবুদের গাড়ি ফ্রি পাস পাবে—এমন নিয়ম তো আইনে থাকার কথা নয়! এবার দেখার, তদন্তের হাত কতদূর পৌঁছয়।


