রাজ্যে বুলডোজার রাজনীতি জোরদার হতেই এবার চর্চার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের কালীঘাট ও শান্তিনিকেতনের বাড়িতে পুরসভার নোটিস পৌঁছানোয় রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে।
সবচেয়ে বড় প্রশ্ন, শাসকদলের অন্যতম শীর্ষ নেতার বাড়িতেই কেন এই নোটিস? পুরসভার বক্তব্য, নির্মাণ সংক্রান্ত কিছু নথি ও অনুমোদন খতিয়ে দেখা হচ্ছে। তবে বিরোধীদের দাবি, এতদিন সব ঠিক থাকলেও হঠাৎ প্রশাসনের এই সক্রিয়তা রাজনৈতিক চাপের ফল।
ঘটনায় অস্বস্তিতে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও। তিনি দায় এড়িয়ে জানালেও, তৃণমূলের অন্দরেই শুরু হয়েছে চাপানউতোর। কারণ, সাধারণ মানুষের বাড়িতে বুলডোজার চলার পর এবার সেই একই ইস্যু শাসকদলের অন্দরেই পৌঁছে গেল।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই ঘটনা শুধু একটি পুরসভার নোটিস নয়, বরং বদলে যাওয়া প্রশাসনিক বার্তার ইঙ্গিত। আর সেই কারণেই অভিষেকের বাড়ির নোটিস এখন রাজ্য রাজনীতির অন্যতম বড় চর্চার বিষয়।


