রাজ্যে পালাবদলের পর কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বৃহস্পতিবার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার বিধানসভা নির্বাচন নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। অখিলেশের দাবি, উত্তরপ্রদেশের মতো বাংলাতেও ভয় দেখিয়ে ভোট করানো হয়েছে এবং নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে।
কালীঘাটে এসে প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লড়াই করার জন্য শুভেচ্ছা জানান অখিলেশ। এরপর মমতার উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, “আপনি হারেননি।” গণতন্ত্র রক্ষার লড়াইয়ে তৃণমূল নেত্রীর পাশে থাকার বার্তাও দেন তিনি।
অখিলেশের অভিযোগ, “বাংলার নির্বাচনে বেইমানি হয়েছে। এইবারের নির্বাচনে মাল্টি লেয়ার মাফিয়াগিরি হয়েছে। বিজেপি, নির্বাচন কমিশন ও আন্ডারগ্রাউন্ডের লোকজন মিলে নির্বাচন করিয়েছে।” তাঁর দাবি, কেন্দ্রীয় বাহিনীকে বিরোধীদের হারানোর নির্দেশ দেওয়া হয়েছিল এবং আধিকারিকদের উচ্চপদের প্রলোভন দেখিয়ে ভোট পরিচালনা করা হয়েছে।
উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে সমাজবাদী পার্টি প্রধান বলেন, সেখানেও বিরোধী দলের এজেন্টদের ভয় দেখিয়ে ভোট হয়েছে। একই কৌশল বাংলাতেও প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ তাঁর। অখিলেশের মতে, সেই কারণেই বহু আসনে বিজেপি বড় ব্যবধানে জয় পেয়েছে।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিজেপিকে মহিলা-বিরোধী বলেও কটাক্ষ করেন অখিলেশ।
অন্যদিকে, শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় প্রশ্ন করা হলে অখিলেশ সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করেন। তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।


