জইশ জঙ্গির নিশানায় শুভেন্দু! কাঁথি থেকে কলকাতা ফিরলেন নতুন বুলেটপ্রুফ গাড়িতে

Spread the love

পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের টার্গেটে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী—এসটিএফের তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পরই বাড়ানো হল তাঁর নিরাপত্তা। রবিবার সন্ধ্যায় কাঁথির ‘শান্তিকুঞ্জ’ থেকে কলকাতায় ফেরার সময় প্রথমবারের মতো বুলেটপ্রুফ গাড়িতে যাত্রা করেন মুখ্যমন্ত্রী।

বর্ধমান থেকে গ্রেপ্তার হওয়া হামিম মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে এসটিএফ জানতে পেরেছে, সে পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত এবং জইশ-ই-মহম্মদের হয়ে কাজ করছিল। তদন্তকারীদের দাবি, মুখ্যমন্ত্রীর গতিবিধি, সফরসূচি, নিরাপত্তার দুর্বল জায়গা এবং কোথায় তিনি তুলনামূলকভাবে কম সুরক্ষিত থাকেন, সেই তথ্য সংগ্রহের দায়িত্বই দেওয়া হয়েছিল হামিমকে। এই তথ্যের ভিত্তিতেই সম্ভাব্য হামলার ছক কষার পরিকল্পনা ছিল বলে তদন্তে উঠে এসেছে।

এই ইনপুট পাওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রীর কলকাতা-কাঁথি যাতায়াতের রুট, বিশেষ করে ১৬ নম্বর জাতীয় সড়কে নজরদারি ও নিরাপত্তা বহুগুণ বাড়ানো হয়। কারণ প্রায় প্রতি সপ্তাহেই শুভেন্দু অধিকারী কাঁথির বাড়িতে যান এবং রবিবার কলকাতায় ফেরেন।

এসটিএফের তথ্য প্রকাশ্যে আসার পর বিজেপি নেতা অর্জুন সিং, অগ্নিমিত্রা পাল-সহ একাধিক নেতা মুখ্যমন্ত্রীর জন্য বুলেটপ্রুফ গাড়ির দাবি জানান। অর্জুন সিং জনসমাগমে শুভেন্দু অধিকারীর উপস্থিতি নিয়েও সতর্ক থাকার পরামর্শ দেন। সেই আবহেই রবিবার মুখ্যমন্ত্রীর জন্য বুলেটপ্রুফ গাড়ির ব্যবস্থা করা হয়। ভবিষ্যতে তাঁর নিরাপত্তা বলয়ে আরও পরিবর্তন আনা হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *