প্রায় এক দশক পর ফের আলোচনায় হৃত্বিক রোশন-কঙ্গনা রানাউতের বিতর্কিত সম্পর্ক। সোশ্যাল মিডিয়ায় ‘We Need To Apologize To Hrithik Roshan’ ট্রেন্ড ভাইরাল হতেই নতুন করে শুরু হয়েছে দুই তারকার বাকযুদ্ধ।
সম্প্রতি ইনফ্লুয়েন্সার ফ্রেডি বার্ডির একটি পোস্টে হৃত্বিক মন্তব্য করেন, সত্য ও তথ্যের ভিত্তিতে বিচার হওয়া উচিত, শুধুমাত্র একজনকে অপছন্দ করেই অন্যজনকে সমর্থন করা ঠিক নয়। নেটিজেনদের একাংশের দাবি, তাঁর মন্তব্যে পরোক্ষভাবে কঙ্গনাকেই ইঙ্গিত করা হয়েছে।
এরপরই ইনস্টাগ্রাম স্টোরিতে দীর্ঘ পোস্ট করে পাল্টা জবাব দেন কঙ্গনা। তিনি লেখেন, হৃত্বিক যেন বর্তমান সঙ্গী সাবা আজাদকে নিয়ে সুখে থাকেন এবং অতীতের বিতর্কে নতুন করে আগুন না জ্বালান। একইসঙ্গে তাঁর অভিযোগ, এখনও অনেকেই হৃত্বিকের নাম ব্যবহার করে তাঁকে সোশ্যাল মিডিয়ায় হেনস্তা করছেন।
এই বিতর্কের নেপথ্যে রয়েছে কঙ্গনার সাম্প্রতিক কিছু রাজনৈতিক ও সামাজিক মন্তব্য, যা নিয়ে নেটদুনিয়ায় ব্যাপক সমালোচনা চলছে। সেই আবহেই অনেকের দাবি, ২০১৬ সালের হৃত্বিক-কঙ্গনা বিতর্কে অভিনেতা অন্যায্যভাবে সমালোচিত হয়েছিলেন। সেখান থেকেই ভাইরাল হয়েছে ‘We Need To Apologize To Hrithik’ ট্রেন্ড।
উল্লেখ্য, ‘কাইটস’ ও ‘কৃষ ৩’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন হৃত্বিক ও কঙ্গনা। ২০১৬ সালে কঙ্গনা এক সাক্ষাৎকারে হৃত্বিককে ‘সিলি এক্স’ বলে উল্লেখ করার পর আইনি নোটিস পাঠান অভিনেতা। হৃত্বিক বরাবরই দাবি করে এসেছেন, কঙ্গনার সঙ্গে তাঁর কোনও প্রেমের সম্পর্ক ছিল না। সেই পুরনো বিতর্কই এবার আবার নতুন করে চর্চার কেন্দ্রে।


