স্বাধীনতা দিবসের আগে দেশজুড়ে দেশপ্রেমের আবহ ছড়াতে লখনউতে শুরু হল ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। সোমবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজের বাসভবন থেকে এই বিশেষ অভিযানের সূচনা করেন। কয়েক লক্ষ মানুষের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, পদযাত্রা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির পর্দা ওঠে।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও ব্রজেশ পাঠক, মন্ত্রী সত্যেন্দ্র সিং ও কপিলদেব আগরওয়াল, এবং একাধিক বিধায়ক, যাঁদের মধ্যে ছিলেন নীরজ বোরা, জয়াদেবী, ওপি শ্রীবাস্তব প্রমুখ। মিছিলের পথে অংশগ্রহণকারীদের সঙ্গে সেলফি তুলে আনন্দ ভাগ করে নেন মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে যোগী আদিত্যনাথ বলেন, “গোটা বিশ্ব ‘অপারেশন সিঁদুর’ এর আবহে ভারতের সাহস ও শক্তির সাক্ষী। জাতির সম্মান বৃদ্ধি প্রতিটি দেশবাসীর দায়িত্ব।” তিনি সবাইকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ও পতাকা উত্তোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ভাষা, ধর্ম ও বর্ণের বিভাজন সৃষ্টি করে ঐক্যে ফাটল ধরানোর অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘বিকশিত উত্তরপ্রদেশ, আত্মনির্ভর উত্তরপ্রদেশ’ গড়াই এই অভিযানের অন্যতম লক্ষ্য। আগামী ৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত গ্রাম, জেলা ও শহর জুড়ে বিশেষ কর্মসূচির কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন। সেই বার্তাকেই সামনে রেখে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে বলে জানান যোগী আদিত্যনাথ।
1


