ভোটের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া ‘নব্য’ গেরুয়াদের বিরুদ্ধে একের পর এক তোলাবাজি ও হুমকির অভিযোগ। দলের অন্দরে সতর্কবার্তা দেওয়া হলেও অভিযোগের সংখ্যা কমছে না। এবার অভিযোগকারীদের কথাই শুনে ‘নব্য’ বিজেপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পথে হাঁটলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শুক্রবার নবান্নে ‘আসল’ তৃণমূলের বিধায়কদের সঙ্গে বৈঠকে বিষয়টি ওঠে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান-সহ বিধায়কেরা মুখ্যমন্ত্রীকে জানান, ভোটের ফল প্রকাশের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া কয়েকজন কর্মী এলাকায় ফের টাকা তোলার চাপ তৈরি করছেন। হুমকি দেওয়ার অভিযোগও উঠছে তাঁদের বিরুদ্ধে। এতে দলের কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভের পাশাপাশি আতঙ্কও তৈরি হচ্ছে বলে দাবি করা হয়।
বিষয়টি শোনার পর বিধানসভা এলাকা ধরে অভিযুক্তদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কে তোলাবাজি করছে, কার কাছে কত টাকা চাওয়া হচ্ছে, কোথায় হুমকি দেওয়া হচ্ছে—প্রতিটি অভিযোগের বিস্তারিত তথ্য তালিকায় রাখতে বলা হয়েছে। সেই তালিকা মুখ্যমন্ত্রীর কাছে জমা দিতে হবে। অভিযোগ খতিয়ে দেখে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও বৈঠকে বার্তা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ভোটের ফল প্রকাশের পর একাধিক এলাকায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বহু রাজনৈতিক কর্মী। অভিযোগ, দলবদলের পর নিজেদের বিজেপি কর্মী হিসেবে পরিচয় দিলেও পুরনো ‘তোলাবাজি’র অভিযোগ তাঁদের পিছু ছাড়েনি। বরং শাসকদলের কর্মী-সমর্থকদের কাছ থেকেই টাকা চাওয়ার অভিযোগ সামনে আসছে।
দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য থেকে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল—নব্যদের নিয়ে ইতিমধ্যেই একাধিকবার সতর্কবার্তা দিয়েছে বিজেপি নেতৃত্ব। কিন্তু অভিযোগের ধারাবাহিকতায় এবার সরাসরি তালিকা তৈরির নির্দেশ দেওয়া হল।
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, অন্যায় যে পক্ষই করুক, প্রশাসনকে নিরপেক্ষভাবে ব্যবস্থা নিতে হবে। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী শুধু শাসকদলের নন, বিরোধীদেরও। তাই অভিযোগ সত্যি হলে দল না দেখে কড়া পদক্ষেপ প্রয়োজন।


