বিতর্ক, ট্রোলিং কিংবা সমালোচনা— কোনও কিছুই যেন নোরা ফতেহির জনপ্রিয়তায় ভাটা ফেলতে পারে না। বলিউডের ‘দিলবর গার্ল’ এবার পা রাখতে চলেছেন বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া মঞ্চগুলির একটিতে। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সঙ্গে যুক্ত তাঁর বিশেষ মিউজিক ভিডিও ‘সির সির’-এর প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা।
মাত্র কয়েক সেকেন্ডের টিজারেই নজর কেড়েছেন নোরা। ঝকঝকে ভিজ্যুয়াল, আন্তর্জাতিক মানের প্রেজেন্টেশন এবং নোরার চেনা গ্ল্যামার— সব মিলিয়ে গানটি নিয়ে প্রত্যাশা তুঙ্গে। জানা গিয়েছে, মরক্কোর কাসাব্লাঙ্কায় এই গানের শুটিং হয়েছে। তবে সবচেয়ে অবাক করা বিষয়, পুরো টিমকে শুটিংয়ের জন্য সময় দেওয়া হয়েছিল মাত্র ১৫ মিনিট। সেই সীমিত সময়ের মধ্যেই ভিডিওর গুরুত্বপূর্ণ অংশের শুট শেষ করা হয়েছে।
গানটি নিয়ে মুখ খুলে নোরা জানান, এটি শুধু একটি মিউজিক ভিডিও নয়, বরং একাধিক সংস্কৃতির মেলবন্ধনের প্রতীক। তাঁর মরক্কোর শিকড়, কানাডার পরিচয় এবং ভারতের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক— সবকিছুর ছাপ রয়েছে ‘সির সির’-এ। বিশেষ করে ভারতীয় কোরিওগ্রাফার, নৃত্যশিল্পী এবং স্টাইলিং টিমের অবদানকে তিনি আলাদা করে তুলে ধরেছেন।
নোরার কথায়, দক্ষিণ এশিয়ার দর্শকদের ভালোবাসাই তাঁকে এই আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দিয়েছে। তাই এই সাফল্যের ভাগীদার ভারতও। ফিফা বিশ্বকাপের মতো বিশ্বব্যাপী অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান বলেই মনে করছেন।
আগামী বিশ্বকাপে ফুটবলের পাশাপাশি বিনোদনের রঙও হবে জমজমাট। উদ্বোধনী পর্বের পর কানাডা ও আমেরিকায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানগুলির অন্যতম আকর্ষণ হতে চলেছেন নোরা ফতেহি। তাঁর পারফরম্যান্স ঘিরে ইতিমধ্যেই উন্মাদনা শুরু হয়ে গিয়েছে। এখন অপেক্ষা শুধু ‘সির সির’-এর সম্পূর্ণ ভিডিও এবং ফিফার মঞ্চে নোরার ম্যাজিক দেখার।


