রাজনীতির সঙ্গে দীর্ঘদিন দূরত্ব বজায় রেখেছিলেন কোয়েল মল্লিক। তবে চলতি বছরের এপ্রিল মাসে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিয়ে সকলকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সেই রাজনৈতিক অধ্যায় দীর্ঘস্থায়ী হল না। শপথগ্রহণের মাত্র ৬৬ দিনের মাথায় শুক্রবার রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেন তিনি। আর সেই সিদ্ধান্ত নিয়েই মন্তব্য করলেন অভিনেতা ও বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ।
শনিবার নিজের ছবি ‘আবার হাওয়া বদল’-এর প্রিমিয়ারে উপস্থিত ছিলেন রুদ্রনীল। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোয়েলের পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, “কোয়েল অত্যন্ত স্বজ্জন একজন মানুষ। মানুষের জানা-অজানার মাঝে কিছু সিঁড়ি থাকে। হতে পারে তিনি কোনও সিঁড়িতে পা দিয়েছিলেন। পরে তাঁর মনে হয়েছে, যে জায়গায় পৌঁছনোর কথা ভেবেছিলেন, সেই দিকে সিঁড়িটি যাচ্ছে না। তাই একজন প্রাপ্তবয়স্ক মানুষ হিসেবে তিনি নিজের সিদ্ধান্ত নিয়েছেন।”
এরপরও কোয়েলের ব্যক্তিত্বের প্রশংসা করেন রুদ্রনীল। তাঁর কথায়, “কোয়েল অত্যন্ত রুচিশীলা এবং গুণবতী একজন মানুষ। আমাদের সকলেরই খুব প্রিয়।” যদিও রাজনৈতিক মহলের একাংশের মতে, এই মন্তব্যের মাধ্যমে পরোক্ষে তৃণমূলকেই কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক।
কোয়েলের আকস্মিক ইস্তফা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও বিনোদন মহলে জোর চর্চা শুরু হয়েছে। যদিও পদত্যাগের কারণ নিয়ে এখনও প্রকাশ্যে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।


