তৃণমূলের ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, আটকে ৪৪০ কোটি টাকা! অভিযোগের জেরে সাইবার সেলের পদক্ষেপ

Spread the love

তৃণমূল কংগ্রেসের আর্থিক ভাঁড়ারে বড় ধাক্কা। দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশের সাইবার সেল। ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সেই নির্দেশিকা। ফলে আপাতত ওই অ্যাকাউন্টগুলি থেকে কোনও ধরনের আর্থিক লেনদেন করা যাবে না। সূত্রের দাবি, তিনটি অ্যাকাউন্ট মিলিয়ে সেখানে প্রায় ৪৪০ কোটি টাকা রয়েছে।

জানা গিয়েছে, বিধাননগর দক্ষিণ থানায় ‘ঋতপন্থী’ শিবিরের ১০ জন তৃণমূল বিধায়কের লিখিত অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে। অভিযোগে দলের তহবিল পরিচালনা ও অর্থ ব্যবহারের বিষয়ে একাধিক প্রশ্ন তোলা হয়েছে বলে তদন্তকারী সূত্রের খবর। সেই অভিযোগ খতিয়ে দেখতেই সাইবার সেল সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিকে অ্যাকাউন্টে লেনদেন স্থগিত রাখার নির্দেশ দেয়।

এই সিদ্ধান্তের ফলে দলের সাংগঠনিক ও প্রশাসনিক খরচের উপর প্রভাব পড়তে পারে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। কারণ নির্বাচনী প্রস্তুতি থেকে শুরু করে দলীয় কর্মসূচি— বিভিন্ন ক্ষেত্রেই এই তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তবে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি সামনে আসেনি। সাইবার সেলও তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু জানাতে রাজি হয়নি। ফলে অভিযোগের ভিত্তি কতটা শক্তিশালী এবং তদন্ত কোন দিকে এগোবে, তা নিয়েই এখন জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ঘটনাটি শুধুমাত্র আর্থিক তদন্তের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং দলের অভ্যন্তরীণ টানাপোড়েনের ইঙ্গিতও বহন করছে। কারণ অভিযোগকারীরা শাসকদলেরই বিধায়ক। ফলে এই পদক্ষেপ আগামী দিনে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *