বড়সড় নাশকতার আগে চূড়ান্ত সতর্কতায় ভর করে লখনউয়ে জঙ্গি হামলার ছক ভেস্তে দিল উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স (STF)। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চার সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, এই চক্রের সঙ্গে পাকিস্তানি হ্যান্ডলারদের সরাসরি যোগাযোগ ছিল এবং সেখান থেকেই হামলার নির্দেশ আসছিল।
ধৃতরা হল সাকিব ওরফে ডেভিড (২৫), আরবাব (২০), বিকাশ গেহলওয়াত ওরফে রৌনক (২৭) এবং লোকেশ ওরফে পোপলা পণ্ডিত (১৯)। এদের মধ্যে দু’জন মিরাট এবং বাকি দু’জন নয়ডার বাসিন্দা। তদন্তে জানা গিয়েছে, লখনউয়ের ব্যস্ত চারবাগ এলাকা টার্গেট করে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল তারা।
পুলিশের দাবি, রেললাইনের সিগন্যাল ব্যবস্থা নষ্ট করা এবং গুরুত্বপূর্ণ সম্পত্তিতে অগ্নিসংযোগ ঘটিয়ে আতঙ্ক ছড়ানোই ছিল মূল উদ্দেশ্য। হামলার প্রস্তুতি নিতে ইতিমধ্যেই লখনউয়ে জড়ো হয়েছিল অভিযুক্তরা। তবে তার আগেই অভিযান চালিয়ে তাদের পাকড়াও করে STF।
অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দাহ্য পদার্থে ভরা ক্যান, ৭টি স্মার্টফোন, ২৪টি প্রম্পপ্লেট এবং একাধিক পরিচয়পত্র। এটিএস সূত্রে জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত এই দল। শুধু নাশকতা নয়, দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও রাজনৈতিক ব্যক্তিত্বদের উপর নজরদারিও চালানো হচ্ছিল।
জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ধৃত লোকেশ স্বীকার করেছে, এর আগেও একাধিক অগ্নিসংযোগের ঘটনায় সে যুক্ত ছিল এবং সেই ভিডিও পাকিস্তানে পাঠানো হত। বিনিময়ে কিউআর কোডের মাধ্যমে অর্থ লেনদেন চলত।
এই ঘটনায় বড়সড় জঙ্গি নেটওয়ার্কের ইঙ্গিত মিলেছে বলে মনে করছে তদন্তকারীরা। গোটা চক্রের শিকড় খুঁজে বের করতে ইতিমধ্যেই জোরদার তদন্ত শুরু হয়েছে। দেশের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে এই ঘটনা।


