NEET-সহ দেশের একাধিক সরকারি ও প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দেশজুড়ে চলা নজিরবিহীন শিক্ষা দুর্নীতির অভিযোগ। এর বিরুদ্ধে প্রচার ও জনমত গঠনে রবিবার উত্তর ২৪ পরগনার খড়দার রহড়ায় পথে নামলো জাতীয় কংগ্রেসের ছাত্র পরিষদ। রহড়া বাজার এলাকায় ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি জনসভার আয়োজন করা হয়। অনুষ্ঠিত কর্মসূচির নাম ‘ছাত্র কি গুঞ্জ’।
নিট ঘিরে প্রাতিষ্ঠানিক হত্যার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক হত্যার অভিযোগে তুলেছে কংগ্রেস। তাদের দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। একই সাথে, বারবার ব্যর্থ হওয়া ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র বর্তমান পরিকাঠামো ভেঙে দিয়ে দেশের সামগ্রিক পরীক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের জোরালো বার্তা দেওয়া হয়েছে এই সভা থেকে।
কংগ্রেসের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক শাক্যদীপ বসু, সদস্য সৌমদীপ সিনহা, মহম্মদ আজিজ। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলার একাধিক শীর্ষ নেতৃত্ব এবং খড়দহ ও রহড়া অঞ্চলের স্থানীয় নেতৃবৃন্দ। আগামী ৯ই আগস্ট জননেতা রাহুল গান্ধীর আহ্বানে দেশজুড়ে শিক্ষা বাঁচানোর এই লড়াইকে আরও শক্তিশালী করতে দিল্লিতে ‘দিল্লি চলো’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে, যেখানে দেশের সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কংগ্রেসের ডাক, দিল্লি চলো।


