উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ, ২১ জুলাই থেকে শুরু কাউন্সিলিং

Spread the love

দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একাংশের। কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে ২০১৬ সালের এসএলএসটি (SLST) প্যানেলের অপেক্ষারত প্রার্থীদের কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC)। আগামী ২১ জুলাই থেকে সহকারী শিক্ষক পদে কাউন্সিলিং শুরু হবে।

মঙ্গলবার কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কাউন্সিলিং হবে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে। কোন দিন কোন প্রার্থীর কাউন্সিলিং হবে, সময়সূচি-সহ প্রয়োজনীয় সমস্ত তথ্য কমিশনের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

গত ২১ মে কলকাতা হাই কোর্ট ১,২৪১ জন অপেক্ষারত প্রার্থীর কাউন্সিলিংয়ের নির্দেশ দিয়েছিল। কমিশন জানিয়েছে, আপাতত ১,১৭৭ জন প্রার্থীর কাউন্সিলিং হবে। বাকি ৬৪ জনের ক্ষেত্রে আদালত-সংক্রান্ত বিষয় নিষ্পত্তি না হওয়ায় তাঁদের কাউন্সিলিং আপাতত স্থগিত রাখা হয়েছে। পরে এ বিষয়ে পৃথক নির্দেশিকা জারি হতে পারে।

উল্লেখ্য, উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হয়েছিল ২০১৫ সালে এবং ২০১৬ সালে প্রকাশিত হয়েছিল মেধাতালিকা। এরপর নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক মামলা হওয়ায় বহু প্রার্থীর চাকরি দীর্ঘদিন আটকে ছিল। যদিও পরবর্তী সময়ে শূন্যপদে ১০ হাজারেরও বেশি প্রার্থীর নিয়োগ সম্পন্ন হয়েছে, তবু অপেক্ষায় ছিলেন অনেকেই। আদালতের নির্দেশের পর এবার তাঁদের নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *