টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে আবারও দেখা যেতে পারে ভিভিএস লক্ষ্মণকে। তবে এবার স্থায়ী হেড কোচ হিসেবে নয়, বিশেষ দায়িত্বে। বিসিসিআই সূত্রের খবর, আসন্ন জিম্বাবোয়ে সফর এবং এশিয়ান গেমসে অংশ নেওয়া ভারতীয় দলের কোচ হিসেবে ভিভিএস লক্ষ্মণের নামই সবচেয়ে এগিয়ে।
সামনের কয়েক মাস ভারতীয় ক্রিকেটের সূচি কার্যত ঠাসা। একদিকে আন্তর্জাতিক সিরিজ, অন্যদিকে বহুদেশীয় প্রতিযোগিতা—দুই সামলাতে গিয়ে একই সময়ে আলাদা দুটি ভারতীয় দল নামানোর প্রস্তুতি নিচ্ছে বিসিসিআই। ফলে শুধু ক্রিকেটার নয়, কোচিং স্টাফও ভাগ করে দেওয়ার প্রয়োজন দেখা দিয়েছে।
নিয়মিত হেড কোচ গৌতম গম্ভীর মূল দলের সঙ্গে থাকবেন। আর অন্য দলের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে লক্ষ্মণের হাতে। দীর্ঘদিন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করার অভিজ্ঞতার কারণেই তাঁর উপর আস্থা রাখছে বোর্ড।
জানা গিয়েছে, জিম্বাবোয়ে সফরে টি-২০ দল এবং এশিয়ান গেমসে অংশ নেওয়া ভারতীয় দলের দায়িত্ব একই কোচিং ইউনিটের হাতে থাকতে পারে। সেই দলে বোলিং কোচ হিসেবে সুনীল জোশী এবং ব্যাটিং কোচ হিসেবে হৃষীকেশ কার্নিতকরের নামও আলোচনায় রয়েছে।
যদিও বিসিসিআই এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি, তবে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কৌশল হিসেবে এই পরিকল্পনাই কার্যকর করতে চলেছে বোর্ড। সবকিছু ঠিক থাকলে, খুব শীঘ্রই ভারতীয় দলের ডাগআউটে আবারও দেখা যাবে ‘ভেরি ভেরি স্পেশ্যাল’ ভিভিএস লক্ষ্মণকে।


