ভাইরাল মঙ্গলসূত্র পরা কঙ্গনাকে ঘিরে তুমুল জল্পনা

Spread the love

বলিউডের ‘ক্যুইন’ Kangana Ranaut-কে ঘিরে শুক্রবার সকাল থেকেই সরগরম সমাজমাধ্যম। সালোয়ার স্যুট, হাতে চুড়ি, কপালে টিপ, চোখে রোদচশমা আর গলায় মঙ্গলসূত্র— এমন সাজে অভিনেত্রীকে দেখে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে গোপনে বিয়ের জল্পনা। পাপারাজ্জিদের ক্যামেরা দেখেই তড়িঘড়ি গাড়িতে উঠে যেতে দেখা যায় তাঁকে। আর সেই ভিডিও ভাইরাল হতেই শুরু হয় জোর চর্চা।

নেটিজেনদের একাংশের দাবি, চুপিসারে বিয়ে সেরে ফেলেছেন কঙ্গনা। আবার কারও মতে, এটি তাঁর নতুন ছবির লুক। কেউ শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “৪১ বছর বয়সে বিয়ে করাটা একেবারেই স্বাভাবিক।” আবার কেউ মন্তব্য করেছেন, “অবশেষে কঙ্গনা বিয়ে করলেন!”

তবে জল্পনা বাড়তেই নিজেই মুখ খুললেন মাণ্ডির সাংসদ তথা অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে ভাইরাল হওয়া ছবিই শেয়ার করে কঙ্গনা স্পষ্ট জানিয়ে দেন, এটি কোনও ব্যক্তিগত মুহূর্ত নয়। বরং সিনেমার শুটিংয়ের লুক। অভিনেত্রী মজার ছলেই লেখেন, “প্রতিদিন শহরের বিভিন্ন জায়গায় শুটিং করি। কেউ হয়তো মেকআপ লুকের ছবি তুলে ফেলেছে। তারপর থেকেই একের পর এক ফোন আসছে!”

এখানেই থামেননি তিনি। হালকা মেজাজে আরও যোগ করেন, “বিবাহিত মহিলার লুকে দেখলে সেটা এমন কী বড় ব্যাপার?” পাশাপাশি পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, তিনি কোনওদিন গোপনে বিয়ে করবেন না। অভিনেত্রীর কথায়, শিল্পীদের বিভিন্ন চরিত্রে অভিনয় করতে হয়, তাই পর্দার লুক দেখে ব্যক্তিগত জীবন নিয়ে অযথা কল্পনা না করাই ভালো।

একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ভাইরাল হওয়া ভিডিওটি কঙ্গনার আসন্ন ছবি ‘ক্যুইন ফরএভার’-এর লুক টেস্ট বা শুটিংয়ের অংশ হতে পারে। শোনা যাচ্ছে, পরিচালক Vikas Bahl-এর পরিচালনায় ইতিমধ্যেই মুম্বইয়ে ছবির কাজ শুরু করেছেন অভিনেত্রী। যদিও নিজের পোস্টে কোনও ছবির নাম উল্লেখ করেননি কঙ্গনা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *