হাজরার বিশৃঙ্খলায় মেজাজ হারালেন মমতা

Spread the love

বারুইপুর-কাণ্ডের প্রতিবাদে বুধবার হাজরায় কালীঘাট তৃণমূলের ডাকা মিছিল ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায়। কলকাতা হাই কোর্টের অনুমতি নিয়ে বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু হওয়া মিছিল কিছুদূর এগোতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে ‘চোর চোর’ স্লোগান এবং ‘মাছ চোর’ গান শোনা যায়। তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনাও ঘটে বলে অভিযোগ।

এই পরিস্থিতির মধ্যেই কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে আসেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ির সামনে ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে তিনি ক্ষুব্ধ হয়ে পড়েন। অভিযোগ, বিশৃঙ্খলার মধ্যে সামনে থাকা তৃণমূলেরই এক কর্মীকে সপাটে চড় মারেন তিনি। ভিড় সামলাতে দলের আরও কয়েকজন কর্মীকেও ধমক ও চড় মারতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।

ঘটনার পর বিজেপি মমতাকে তীব্র আক্রমণ করে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেন, ক্ষমতা হারানোর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণে মানসিক অস্থিরতার ছাপ স্পষ্ট। তাঁর মতে, এই ধরনের আচরণ অত্যন্ত দুর্ভাগ্যজনক।

অন্যদিকে, কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, হাই কোর্টের অনুমতি নিয়ে ছাত্র-যুবরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে মিছিল করলেও বিজেপির কর্মীরা তাঁর বাড়ির সামনে এসে উত্তেজনা তৈরির চেষ্টা করেছে। বারুইপুরের ঘটনায় অভিযুক্তদের তিনি ‘দাঙ্গাকারী’ বলে উল্লেখ করে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *