দ্বিতীয় দফার ভোটের আগে শেষ মুহূর্তের প্রচারে গতি বাড়াল তৃণমূল। নোয়াপাড়া, বরানগর ও বারাকপুর—এই তিন কেন্দ্র ঘিরে স্টার মুখদের নামিয়ে কার্যত শক্তি দেখাল শাসক শিবির। দেব ও শুভশ্রীর উপস্থিতিতে রোড শোগুলি দ্রুতই সাধারণ প্রচার থেকে জনস্রোতের ইভেন্টে পরিণত হয়।
নোয়াপাড়ায় শুরু থেকেই চাপ বাড়তে থাকে। পলতা শান্তিনগর মাঠ থেকে যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই রাস্তা ভরে যায় মানুষের ঢলে। নিয়ন্ত্রণ রাখতে বারবার ধীর গতিতে এগোতে হয় মিছিলকে। সামনে থাকা মানুষদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে ভিড়কে ধরে রাখেন দেব—হাত নাড়া, কথা বলা, সব মিলিয়ে তৈরি হয় আলাদা সংযোগ।
পথজুড়ে ছিল উচ্ছ্বাস, স্লোগান আর মোবাইলবন্দি মুহূর্ত। কোথাও থেমে, কোথাও ধীরে এগিয়ে—পুরো পথটাই যেন বদলে যায় চলন্ত মঞ্চে। শেষ রবিবারে এই ভিড় ও উদ্দীপনাই স্পষ্ট করে দিল, ভোটের আগে শেষ ল্যাপে কোনও ঝুঁকি নিতে নারাজ তৃণমূল।


