বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। আগামী ৫ জুলাই দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করছেন অভিনেতা। মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাড়িতেই অত্যন্ত ঘরোয়া পরিবেশে হবে বিয়ের অনুষ্ঠান। পরিবারের সদস্য এবং হাতে গোনা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু ছাড়া আর কাউকে আমন্ত্রণ জানানো হয়নি।
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, প্রথমে বিশেষ বিবাহ আইনের অধীনে বিয়ের রেজিস্ট্রি হবে। এরপর বাড়িতেই ছোট পরিসরে সম্পন্ন হবে বিয়ের আনুষ্ঠানিকতা। কোনও জাঁকজমকপূর্ণ রিসেপশনের পরিকল্পনা নেই। আমির নিজেই জানিয়েছেন, তাঁরা খুবই সাধারণ ও ব্যক্তিগতভাবে এই বিশেষ দিনটি উদযাপন করতে চান এবং সকলের আশীর্বাদ কামনা করেছেন।
আমির ও গৌরীর পরিচয় বহু বছর আগে বেঙ্গালুরুতে। অভিনেতার আত্মীয়া নুজহাত খানের মাধ্যমে তাঁদের প্রথম দেখা হয়েছিল। পরে ফের যোগাযোগ শুরু হয় এবং বন্ধুত্ব থেকে সম্পর্ক গড়ে ওঠে। গত বছর নিজের জন্মদিনের অনুষ্ঠানে প্রথমবার প্রকাশ্যে গৌরীকে জীবনের সঙ্গী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির।
এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি রীনা দত্ত এবং কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। পেশাগত জীবনে আমিরকে শেষ দেখা গিয়েছে ২০২৫ সালের স্পোর্টস ড্রামা ‘সিতারে জমিন পার’ ছবিতে, যা দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল।


